প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:১২ পিএম

অনলাইন সংস্করণ

বিশ্বকাপে খেলায় গতি আনতে আসছে ৫ সেকেন্ডের নিয়ম

আসন্ন ফিফা বিশ্বকাপের ম্যাচের গতি বাড়াতে বড় পরিবর্তনের পথে হাঁটছে ফুটবলের আইনপ্রণেতারা


আমাদের সকাল স্পোর্টস:
আসন্ন ফিফা বিশ্বকাপের ম্যাচের গতি বাড়াতে বড় পরিবর্তনের পথে হাঁটছে ফুটবলের আইনপ্রণেতারা। থ্রো-ইন ও গোলকিক নিতে দেরি হলে ৫ সেকেন্ডের কাউন্টডাউন চালুর প্রস্তাব অনুমোদনের প্রস্তুতি নিচ্ছে ফুটবলের নিয়ম প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)।

ওয়েলসে অনুষ্ঠিতব্য আইএফএবির বার্ষিক সভায় নিয়ম পরিবর্তনের বিষয়টি চূড়ান্ত হতে পারে। প্রস্তাব অনুযায়ী, রেফারি যদি মনে করেন কোনো দল ইচ্ছাকৃতভাবে থ্রো-ইন বা স্থির অবস্থান থেকে গোলকিক নিতে সময়ক্ষেপণ করছে, তাহলে তিনি বাঁশি বাজিয়ে হাতের ইশারায় পাঁচ সেকেন্ড গণনা শুরু করবেন।

নির্ধারিত সময়ের মধ্যে থ্রো-ইন সম্পন্ন না হলে বল যাবে প্রতিপক্ষের দখলে। আর গোলকিকে বিলম্ব হলে প্রতিপক্ষকে কর্নার কিক দেওয়ার বিধান রাখা হতে পারে। চলতি মৌসুমে গোলরক্ষকদের জন্য চালু হওয়া ৮ সেকেন্ডের নিয়ম—যেখানে নির্দিষ্ট সময়ের মধ্যে বল ছাড়তে ব্যর্থ হলে কর্নার দেওয়া হয়—সফল হওয়ায় সময়ক্ষেপণ ঠেকাতে আরও কঠোর উদ্যোগ নিচ্ছে আইএফএবি।

এ ছাড়া বদলির ক্ষেত্রেও সময়সীমা নির্ধারণের চিন্তা করা হচ্ছে। প্রস্তাব অনুযায়ী, ১০ সেকেন্ডের মধ্যে বদলি সম্পন্ন না হলে সংশ্লিষ্ট দলকে সাময়িকভাবে একজন কম খেলোয়াড় নিয়ে খেলতে হতে পারে। চোটের কারণে খেলা বন্ধ হলে খেলোয়াড়কে অন্তত এক মিনিট মাঠের বাইরে রাখার অভিন্ন নিয়ম চালুর কথাও আলোচনায় রয়েছে।

বিশ্বকাপেই প্রথমবারের মতো কিছু নতুন ভিএআর সুবিধা চালুর সম্ভাবনা রয়েছে—যার মধ্যে কর্নার সিদ্ধান্ত দ্রুত যাচাই, দ্বিতীয় হলুদ কার্ড থেকে লাল কার্ডের ক্ষেত্রে রিভিউ এবং ভুল দলকে কার্ড দেখানো হলে তা সংশোধনের সুযোগ অন্তর্ভুক্ত।

নতুন নিয়মগুলো আনুষ্ঠানিকভাবে ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা। তবে বিশ্বকাপ তার আগেই শুরু হলেও আয়োজক প্রতিযোগিতা চাইলে আগেভাগেই এসব নিয়ম গ্রহণ করতে পারবে। লক্ষ্য একটাই—সময়ক্ষেপণ কমিয়ে খেলাকে আরও গতিময় করা।
 

মন্তব্য করুন