প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৩:৫১ পিএম
অনলাইন সংস্করণ
পাকিস্তানের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, আগামী সপ্তাহে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গুরুত্বপূর্ণ শান্তি আলোচনা অনুষ্ঠিত হতে পারে। শুক্রবারের আগেই এ বৈঠক হওয়ার জোর সম্ভাবনা রয়েছে বলে দাবি করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য এ আলোচনাকে ঘিরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তা সূত্রগুলো বলছে, যুক্তরাষ্ট্রের দুটি বড় মালবাহী বিমান ইতোমধ্যে রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটিতে অবতরণ করেছে, যা ইসলামাবাদের খুব কাছেই অবস্থিত।
এ ঘটনাকে সম্ভাব্য উচ্চপর্যায়ের কূটনৈতিক তৎপরতার ইঙ্গিত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
এদিকে ইসলামাবাদজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিমানবন্দর থেকে ‘রেড জোন’ এলাকায় যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, যা সাধারণত রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সফর বা বৈঠকের সময় করা হয়ে থাকে।
এ ছাড়া শহরের প্রধান দুটি হোটেল—সেরেনা ও ম্যারিয়ট—থেকে অতিথিদের সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানা গেছে। আগামী শুক্রবার পর্যন্ত এসব হোটেলে নতুন বুকিংও স্থগিত রাখা হয়েছে।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম দফার আলোচনা ইসলামাবাদের সেরেনা হোটেলেই অনুষ্ঠিত হয়েছিল। যদিও নতুন করে সম্ভাব্য বৈঠক নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি, তবে নিরাপত্তা জোরদারসহ সামগ্রিক প্রস্তুতি বড় ধরনের কূটনৈতিক বৈঠকেরই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
মন্তব্য করুন