প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ০৩:৩৩ পিএম

অনলাইন সংস্করণ

বুস্টার ডোজ না দেওয়ায় হামের প্রাদুর্ভাব বেড়েছে: রাঙামাটির ডেপুটি সিভিল সার্জন

ছবি: সংগ্রীহিত



শিশুদের নিয়মিত হাম-রুবেলার বুস্টার ডোজ না দেওয়ায় বর্তমান হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন রাঙামাটির ডেপুটি সিভিল সার্জন ডা. অমিত দে।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির গুরুত্ব তুলে ধরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডা. অমিত দে জানান, নিয়ম অনুযায়ী প্রতি পাঁচ বছর পরপর শিশুদের হাম-রুবেলার বুস্টার ডোজ দেওয়ার কথা থাকলেও ২০২৪ সালে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এর ফলেই ২০২৬ সালে এসে এ রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে বলে তিনি ধারণা করছেন।

তিনি বলেন, রাঙামাটিতে এখন পর্যন্ত ২৫ জন শিশুর নমুনা সংগ্রহ করা হলেও এখনো কোনো রোগী নিশ্চিতভাবে শনাক্ত হয়নি। তবে সম্ভাব্য রোগীদের জন্য হাসপাতালে পৃথক আইসোলেশন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে।

তিনি আরও জানান, বর্তমান সরকার হাম-রুবেলা প্রতিরোধ ও চিকিৎসা নিশ্চিত করতে দেশের প্রতিটি হাসপাতালে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এ রোগ নিয়ে আতঙ্কিত না হয়ে সরকারি নির্দেশনা মেনে চলা এবং স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২০ এপ্রিল থেকে জেলায় ৯ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৬৪ হাজার ৬০০ শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হবে। এ কর্মসূচি টানা ১১ দিন চলবে। বিশেষ করে দুর্গম এলাকাগুলোতে যেন কোনো শিশু টিকার বাইরে না থাকে, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী খোকন চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় ডা. আব্দুল্লাহ আল মান্নান, ডা. প্রতিক সেনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন