প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ০৩:৪০ পিএম
অনলাইন সংস্করণ
রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জ্বালানি তেল সংকটকে “পরিকল্পিত নাটক” বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে বাংলামটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের এনসিপিতে যোগদান উপলক্ষে এ আয়োজন করা হয়।
নাহিদ ইসলাম বলেন, সরকার জাতীয় সংসদে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত থাকার আশ্বাস দিলেও বাস্তবে কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলেছে। তিনি অভিযোগ করেন, এ সংকটের অজুহাতে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনও স্থগিত করা হয়েছে।
তিনি আরও বলেন, তেলের পাম্পগুলোতে দীর্ঘ লাইন সৃষ্টি করে জনগণের মধ্যে এমন এক মনস্তাত্ত্বিক চাপ তৈরি করা হয়েছে, যাতে তারা বাড়তি দামে তেল কিনতে বাধ্য হয়।
নাহিদ ইসলামের দাবি, পুরো বিষয়টি একটি সিন্ডিকেটের কারসাজি এবং সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রশ্রয় ছাড়া এ ধরনের পরিস্থিতি তৈরি সম্ভব নয়। স্বচ্ছতার অভাব ও পরিকল্পিত অনিয়মের কারণেই জনগণকে এই দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
এদিন সংবাদ সম্মেলনে জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ‘আপ বাংলাদেশ’ প্ল্যাটফর্মের ৩০ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দিয়েছেন। পরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তাদের দলে অন্তর্ভুক্ত করা হয়।
এ বিষয়ে নাহিদ ইসলাম বলেন, কে আগে কোন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন, তা গুরুত্বপূর্ণ নয়। ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ বা ছাত্রলীগ—যে-ই এনসিপিতে যোগ দেবে, তাকে দলীয় আদর্শ অনুযায়ী কাজ করতে হবে। তবে ফ্যাসিবাদ, গণহত্যা, চাঁদাবাজি ও দুর্নীতির সঙ্গে জড়িতদের জন্য দলে কোনো স্থান নেই।
তিনি বলেন, জবাবদিহিতা ও জনগণের কল্যাণভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই এনসিপির কার্যক্রম পরিচালিত হচ্ছে।
মন্তব্য করুন