প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ
হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ শহরে কিশোর গ্যাংয়ের তৎপরতা দমনে অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানের সময় শহরের মোহনপুর এলাকায় একটি ঝোপ থেকে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ; ২টি চাইনিজ কুড়াল, ২টি লোহার কিরিচ, ৩টি রামদা, ১টি এসএস পাইপের কিরিচ, ১টি হাতলবিহীন রামদা, ৩টি লোহার পাইপ এবং ৩টি অ্যালুমিনিয়ামের পাইপ।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, কিশোর গ্যাংয়ের সদস্যরা এসব অস্ত্র ব্যবহার করে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার প্রস্তুতি নিচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে শহরে কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
স্থানীয়রা এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, এতে এলাকায় নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হবে বলে তারা আশা করছেন।
মন্তব্য করুন