প্রকাশিত: ৫৬ মিনিট আগে, ০৫:৪৮ পিএম

অনলাইন সংস্করণ

শার্শায় অপহরণ মামলার আসামি গ্রেপ্তার, ১৪ বছরের কিশোরী উদ্ধার

ছবি: আটককৃত আসামি

বেনাপোল(যশোর) সংবাদদাতা

যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার এজাহারনামীয় আসামি নূর মোহাম্মাদ বাবু (২১) গ্রেপ্তার হয়েছেন। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার ১৪ বছর বয়সী কিশোরী ভিকটিম সাহারা আফরিন ফারহানাকে উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) রাত সোয়া ৭টার দিকে শার্শা থানার এসআই শেখ মো. জাহিদুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় শার্শা থানাধীন এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় শার্শা থানার এফআইআর নম্বর-১৮, ১১ আগস্ট ২০২৬ তারিখের নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭ ধারার মামলার এজাহারনামীয় আসামি নূর মোহাম্মাদ বাবুকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নূর মোহাম্মাদ বাবু শার্শা উপজেলার চান্দুরিয়ার ঘোপ এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. আশরাফুল।

পুলিশ জানায়, আসামিকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী অভিযান চালিয়ে মামলার ভিকটিম সাহারা আফরিন ফারহানাকে (১৪) উদ্ধার করা হয়। কিশোরীর স্থায়ী ঠিকানা বেনেখড়ি এবং বর্তমান ঠিকানা চটকাপোতা, শার্শা, যশোর।

শার্শা থানার পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানোর কার্যক্রম চলছে। উদ্ধার কিশোরীকেও আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশের দ্রুত অভিযানে মামলার আসামি গ্রেপ্তার ও কিশোরী উদ্ধারের ঘটনাকে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতার সাফল্য হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন