প্রকাশিত: ৪২ মিনিট আগে, ০৮:৪২ এ এম

অনলাইন সংস্করণ

১৫ বছর পর মায়ের কাছে ফিরলেন ভারতে হারিয়ে যাওয়া আনজু

 

বেনাপোল(যশোর)সংবাদদাতা
দীর্ঘ ১৫ বছরের বিচ্ছেদ, অনিশ্চয়তা ও আইনি জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে মায়ের কাছে ফিরেছেন ঠাকুরগাঁওয়ের আনজু বেগম (৩৫)। মানসিক অসুস্থতার কারণে ১৫ বছর আগে নিখোঁজ হয়ে সীমান্ত পেরিয়ে ভারতে চলে যাওয়া আনজু বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে ফিরেছেন। তাঁর সঙ্গে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষে দেশে ফিরেছেন আরও ১৭ বাংলাদেশি। তাঁদের মধ্যে ৯ জন পুরুষ ও ৯ জন নারী।

বুধবার বিকেল ৪টার দিকে ভারতের হরিদাসপুর ইমিগ্রেশন চেকপোস্ট থেকে বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের গ্রহণ করে। ভারতীয় ব্যুরো অব ইমিগ্রেশনের নথিতে দেশে ফেরা ১৮ জনের নাম ও বাংলাদেশের ঠিকানা উল্লেখ রয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, আনজু ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের বাসিন্দা। প্রায় ১৫ বছর আগে তিনি নিখোঁজ হন। পরে কীভাবে সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান, তা পরিবারের সদস্যদের কাছে অজানাই থেকে যায়। দীর্ঘদিন তাঁর কোনো সন্ধান না পেয়ে একসময় স্বজনেরা আশা ছেড়ে দেন।

২০১৭ সালে কলকাতার পাবলভ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনজুকে শনাক্ত করা হয়। পরে তাঁকে কলকাতার মানবিক সহায়তা সংস্থা ‘ঈশ্বর সংকল্প’-এর আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়। সেখানে চিকিৎসার পাশাপাশি আনজুর দেওয়া বিভিন্ন তথ্যের সূত্র ধরে তাঁর পরিবারের সন্ধান শুরু করেন সংগঠনের সংগঠক মো. শামসুল হুদা। একপর্যায়ে ঠাকুরগাঁওয়ে তাঁর পরিবারের সন্ধান মেলে।

আনজুকে দেশে ফিরিয়ে আনতে অ্যামেচার রেডিও সোসাইটি অব বাংলাদেশ ও রোটারি ক্লাব অব বনানী, ঢাকা যৌথভাবে কাজ করে। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন এবং ভারতের পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু উন্নয়ন দপ্তরের সহযোগিতায় তাঁর জাতীয়তা যাচাইসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়।

দেশে ফেরার পর অনুভূতি জানাতে গিয়ে আনজু বেগম বলেন, “বাংলাদেশ আমার মাতৃভূমি। আমি কীভাবে ইন্ডিয়ায় গিয়েছি, তা মনে করতে পারি না। দেশে ফিরে খুব ভালো লাগছে। আমার শেষ জীবনটা বাংলাদেশেই কাটাতে চাই।”

অ্যামেচার রেডিও সোসাইটির সাংগঠনিক সম্পাদক মো. শামসুল হুদা বলেন, বিজিবি, বিএসএফ ও স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে বেনাপোল সীমান্তে আনজুসহ দেশে ফেরা বাংলাদেশিদের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। পরে তাঁদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুল ইসলাম খান বলেন, বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষে ভারতীয় কর্তৃপক্ষ ১৮ বাংলাদেশিকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে তাঁদের নিজ নিজ পরিবারের কাছে পাঠানো হবে।

দীর্ঘ ১৫ বছর পর মেয়েকে ফিরে পেয়ে আনজুর মা জোসনা বেগমসহ পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিয়েছে আবেগ ও আনন্দ। আর আনজুর কণ্ঠে ফিরে এসেছে নিজের দেশ ও আপনজনদের কাছে থাকার আকুতি।

 

মন্তব্য করুন