প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২৬, ০২:৫৮ পিএম

অনলাইন সংস্করণ

অফিস আছে, খেলা নেই: অস্তিত্ব সংকটে মণিরামপুর উপজেলা ক্রীড়া সংস্থা

ছবি: সংগ্রীহিত

মণিরামপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের মণিরামপুর উপজেলায় ক্রীড়া চর্চার অন্যতম কেন্দ্র ‘উপজেলা ক্রীড়া সংস্থা’ এখন প্রায় নামসর্বস্ব প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। কাগজে-কলমে অফিস ও কমিটি থাকলেও দীর্ঘদিন ধরে নেই কোনো উল্লেখযোগ্য ক্রীড়া কার্যক্রম। ফলে অযত্নে পড়ে থাকা মাঠের ধুলোয় হারিয়ে যাচ্ছে উপজেলার সম্ভাবনাময় ক্রীড়াবিদদের স্বপ্ন।


আজ ৬ এপ্রিল আন্তর্জাতিক ক্রীড়া দিবস হলেও মণিরামপুরে এর কোনো প্রতিফলন দেখা যায়নি। এক সময় এই উপজেলা থেকে নিয়মিত ফুটবল ও ক্রিকেট খেলোয়াড় তৈরি হলেও বর্তমানে সেই ধারাবাহিকতা প্রায় বন্ধ হয়ে গেছে।
স্থানীয়দের অভিযোগ, ক্রীড়া সংস্থার উদ্যোগে কোনো টুর্নামেন্ট আয়োজন তো দূরের কথা, খেলোয়াড়দের নিয়মিত অনুশীলনের জন্যও কার্যকর কোনো ব্যবস্থা নেই। খেলাধুলার সুযোগ না থাকায় অনেক শিক্ষার্থী মোবাইল গেম ও মাদকের দিকে ঝুঁকে পড়ছে, যা সমাজে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করছে। সংশ্লিষ্টরা মনে করছেন, তরুণদের সঠিক পথে রাখতে খেলাধুলার বিকল্প নেই।


অনুসন্ধানে জানা গেছে, সংস্থাটির একটি সুসজ্জিত অফিস কক্ষ থাকলেও তা অধিকাংশ সময় তালাবদ্ধ থাকে কিংবা সীমিত দাপ্তরিক কাজেই ব্যবহৃত হয়। ফুটবল, ক্রিকেট বা ভলিবল—কোনো খেলাই নিয়মিত আয়োজন করা হচ্ছে না। স্কুল-কলেজ পর্যায়ে নতুন প্রতিভা অন্বেষণেও নেই কোনো উদ্যোগ। বরাদ্দ ব্যবস্থাপনায় অস্পষ্টতা ও কমিটির মধ্যে সমন্বয়হীনতাকেই এই স্থবিরতার মূল কারণ হিসেবে দেখছেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।


উপজেলার এক উদীয়মান ক্রিকেটার বলেন, “আমাদের অনুশীলনের জন্য উপযুক্ত পরিবেশ নেই। ক্রীড়া সংস্থা থেকে কোনো সহযোগিতা বা দিকনির্দেশনাও পাওয়া যায় না। অথচ পাশের উপজেলাগুলোতে নিয়মিত টুর্নামেন্ট হচ্ছে।”
অভিজ্ঞ ক্রীড়া সংগঠকদের মতে, রাজনৈতিক হস্তক্ষেপ ও দক্ষ নেতৃত্বের অভাবে প্রতিষ্ঠানটি কার্যত অকার্যকর হয়ে পড়েছে।


এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রীড়া সংস্থাকে সক্রিয় করতে পরিকল্পনা নেওয়া হচ্ছে এবং শিগগিরই নতুন টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে মাঠে খেলা ফেরানো হবে।

মন্তব্য করুন