প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৬, ১১:৫৬ এ এম
অনলাইন সংস্করণ
আমাদের সকাল ডেস্ক:
লালমনিরহাটের পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে পরিবারের আরেক সদস্য।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার মির্জারকোট মডেল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—এনজিও কর্মী শরিফুল ইসলাম, তার স্ত্রী ও তাদের ছোট সন্তান। তারা জয়পুরহাট জেলার হিলি উপজেলার মনসাপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। নিহত শরিফুল ইসলাম পাটগ্রামে ‘পদক্ষেপ’ নামক একটি এনজিওতে মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শরিফুল ইসলাম তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে পাটগ্রাম থেকে নিজ বাড়ি হিলির উদ্দেশে রওনা হন। পথিমধ্যে মির্জারকোট মডেল মসজিদের সামনে পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শরিফুল, তার স্ত্রী ও ছোট সন্তান নিহত হন।
এ সময় তাদের সঙ্গে থাকা বড় সন্তানটি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
পাটগ্রাম থানার কর্মকর্তা নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। নিহতদের পরিবারকে ইতোমধ্যে খবর দেওয়া হয়েছে।
মন্তব্য করুন