প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:০৬ পিএম

অনলাইন সংস্করণ

এবার ভূমিকম্পের কেন্দ্রস্থল সাতক্ষীরা, কাঁপলো দক্ষিণ-পশ্চিমাঞ্চল

সাতক্ষীরার কলারোয়া এলাকায় উৎপত্তি হওয়া হালকা ভূমিকম্পে ভোররাতে কাঁপে দক্ষিণ-পশ্চিমাঞ্চল- ফাইল ছবি

আমাদের সকাল ডেস্ক:
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় ভোররাতে ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে এ কম্পন টের পান সাতক্ষীরাসহ আশপাশের জেলার বাসিন্দারা।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ১, যা ‘হালকা’ শ্রেণির মধ্যে পড়ে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা জেলার কলারোয়া এলাকা।

ঢাকায় অবস্থিত আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে উৎপত্তিস্থলটির দূরত্ব দক্ষিণ-পশ্চিম দিকে প্রায় ১৭৫ কিলোমিটার বলে জানানো হয়েছে।

এদিকে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজি সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে আনুমানিক ১৫০ কিলোমিটার। সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সাতক্ষীরা শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ভূমিকম্পে কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

মন্তব্য করুন