প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৬, ০২:৫২ পিএম

অনলাইন সংস্করণ

কেমোথেরাপির টাকার অভাবে থমকে গেল মিলির জীবনযুদ্ধ, সহায়তার আবেদন

ছবি: সংগ্রীহিত

ফারুক, মণিরামপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের মণিরামপুরে ক্যান্সারে আক্রান্ত মেধাবী শিক্ষার্থী সামিয়া জামান মিলির জীবনযুদ্ধ থমকে যাচ্ছে অর্থের অভাবে। ব্যয়বহুল কেমোথেরাপির খরচ জোগাতে না পেরে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার। সময়মতো চিকিৎসা চালিয়ে যেতে না পারলে তার জীবন ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা।

মণিরামপুর মহিলা ডিগ্রি কলেজের দ্বাদশ (বিজ্ঞান) বিভাগের এই ছাত্রী বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন। চিকিৎসকদের তত্ত্বাবধানে তার কেমোথেরাপি চললেও প্রতিটি সেশনের বিপুল খরচ বহন করা পরিবারটির জন্য দিন দিন কঠিন হয়ে উঠছে।

মিলির মা সেলিনা বেগম, স্বামীহারা এক অসহায় নারী, একমাত্র মেয়েকে বাঁচাতে এখন মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন। তিনি বলেন, “আমার মেয়েটা খুব মেধাবী। ওর স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। এখন শুধু বাঁচতে চায়। কিন্তু টাকার অভাবে চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম।”

জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের প্রয়াত নবীরুজ্জামানের মেয়ে মিলির চিকিৎসার জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি চিকিৎসা ও বিপুল অর্থ। ইতোমধ্যে পরিবারের সঞ্চিত অর্থ শেষ হয়ে গেছে। বর্তমানে তারা সমাজের বিত্তবান ও রাষ্ট্রীয় সহায়তার দিকে তাকিয়ে আছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, নিয়মিত কেমোথেরাপি চালিয়ে যেতে পারলে মিলির সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চিকিৎসা বন্ধ হয়ে গেলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে।

এদিকে মিলির অসুস্থতার খবরে সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও সহানুভূতি তৈরি হয়েছে। ব্যক্তিগতভাবে কিছু সহায়তা এলেও তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল।

স্থানীয়রা জানান, এমন পরিস্থিতিতে উপজেলা প্রশাসন, সমাজসেবা অফিস ও জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। সরকারি অনুদান বা বিশেষ সহায়তা পেলে মিলির চিকিৎসা অব্যাহত রাখা সম্ভব হতে পারে।

এছাড়া সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী ও দানশীলদের প্রতি এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। সম্মিলিত সহায়তায় একটি সম্ভাবনাময় প্রাণ বাঁচতে পারে এবং তার অপূর্ণ স্বপ্ন আবারও বাস্তব হওয়ার সুযোগ পেতে পারে।

মন্তব্য করুন