প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২৬, ০৬:১৫ পিএম

অনলাইন সংস্করণ

কেশবপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন

 

আলী হামজা, কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুর উপজেলা চত্বরে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৬। বুধবার (৮ এপ্রিল ২০২৬) উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। তিনি ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন এবং উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশ ও উদ্ভাবনী চিন্তাধারাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। এর মধ্যে কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ এবং কেশবপুর সরকারি পাইলট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের এক শিক্ষার্থী জানায়, তারা নিজেরা উদ্যোগ নিয়ে প্রজেক্ট তৈরি করেছে এবং এতে অংশ নিতে পেরে অনুপ্রাণিত হয়েছে। ভবিষ্যতে আরও বড় কিছু করার আগ্রহও তৈরি হয়েছে তাদের মধ্যে।

অন্যদিকে কেশবপুর সরকারি পাইলট স্কুল এন্ড কলেজের এক শিক্ষার্থী বলে, বিজ্ঞান মেলায় অংশ নিয়ে নতুন অনেক কিছু শেখা যাচ্ছে। অন্যদের প্রজেক্ট দেখে নতুন ধারণা পাওয়া যাচ্ছে, যা পড়াশোনায় কাজে লাগবে।

মেলায় আগত এক অভিভাবক বলেন, এ ধরনের আয়োজন শিশুদের সৃজনশীলতা বৃদ্ধি করে এবং বইয়ের বাইরের বাস্তব শিক্ষা গ্রহণের সুযোগ তৈরি করে। তিনি এমন আয়োজন নিয়মিত করার আহ্বান জানান।

উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী কাজের প্রশংসা করেন। মেলায় প্রদর্শিত বিভিন্ন প্রযুক্তিনির্ভর ও বৈজ্ঞানিক প্রকল্প দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

মন্তব্য করুন