প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ০১:০১ পিএম

অনলাইন সংস্করণ

গোয়াইনঘাটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সাকিব আহমেদ, প্রতিনিধি (গোয়াইনঘাট, সিলেট):
গোয়াইনঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসনের হলরুমে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

শনিবার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী। প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান, জাতীয়তাবাদী কৃষক দল সিলেট জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক মাহবুব আহমদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস।

এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গোয়াইনঘাট প্রেস ক্লাবের সভাপতি মঞ্জুর আহমদ ও সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মো. বিলাল উদ্দিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতির আত্মমর্যাদা ও সাংস্কৃতিক অস্তিত্ব রক্ষার এক ঐতিহাসিক অধ্যায়। মাতৃভাষা বাংলার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে এবং ভাষা আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সবশেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

মন্তব্য করুন