প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:২৯ পিএম
অনলাইন সংস্করণ
আব্দুর রাকিব,
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে পরিচালিত অভিযানে গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল আনুমানিক ৩টা ৪০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সদর মডেল থানাধীন দশরসিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন—দশরসিয়া এলাকার মো. তোফাজ্জল হোসেন (৬৯), মো. সাইফুল (৪৭), ইলিশমারি এলাকার মো. রবু (৬০) এবং দশরসিয়া এলাকার মোসা. তাজকেরা বেগম (৫৯)। সকলেই সদর মডেল থানার বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযানে মোট ৪টি প্যাকেটে ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে ১৫ গ্রাম, ১০ গ্রাম, ১০ গ্রাম ও ৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত চারজনের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকরামুল হক নাহিদ প্রথম আসামিকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড, দ্বিতীয় ও তৃতীয় আসামিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং চতুর্থ আসামিকে ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ১০০ টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
মন্তব্য করুন