প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০১:১১ পিএম
অনলাইন সংস্করণ
আমিনুর রহমান পরান, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের জামালগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৫ কেজি গাঁজা ও একটি নৌকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার চানপুর খেয়াঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ থানা পুলিশের একটি রাত্রিকালীন টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় একটি সন্দেহভাজন নৌকা তল্লাশি করে ৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত নৌকাটি জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— জামালগঞ্জ থানার চান্দি হরিপুর গ্রামের বাসিন্দা মো: শাহজাহান (৩৮) এবং নরসিংদী জেলার রায়পুরা থানার রানা সর্দার (২৮)।
জামালগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
মন্তব্য করুন