প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের পক্ষে ঢাকা-১৫ আসনে নির্বাচনী গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টায় রাজধানীর উত্তর কাফরুল কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে এই গণসংযোগ কর্মসূচি শুরু হয়। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম কর্মসূচিতে নেতৃত্ব দেন।
গণসংযোগটি উত্তর কাফরুল কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কচুক্ষেত বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এ সময় ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
গণসংযোগ চলাকালে নেতাকর্মীরা স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াত আমীরের বার্তা জনগণের কাছে তুলে ধরেন। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই কর্মসূচিতে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
গণসংযোগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেন,
“সারাদেশব্যাপী নির্বাচনের যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে, সেই পরিবেশে আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ ইনশাআল্লাহ ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে এবং একটি কল্যাণ রাষ্ট্র গঠনের পক্ষে রায় দেবে।”
তিনি আরও বলেন,
“যারা সন্ত্রাস করছে, নির্বাচন বানচাল করার চেষ্টা করছে এবং আগের মতো ভোট ডাকাতির উদ্দেশ্যে প্রশাসনের সহযোগিতায় নানা অপকর্মে লিপ্ত হয়েছে—তাদের ব্যাপারে জনগণ সচেতন রয়েছে।”
এ সময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,
“যদি আবারও ভোট ডাকাতির চিন্তা করা হয়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে তাদেরকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।”
নেতাকর্মীরা জানান, জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন, মতামত বিনিময় এবং ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ সমাজ গঠনের বার্তা পৌঁছে দিতেই এই গণসংযোগ কর্মসূচির আয়োজন করা হয়।
মন্তব্য করুন