প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬, ১১:২৯ এ এম

অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নারী-শিশুসহ ৫ জন নিহত

আমাদের সকাল ডেস্ক: 

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে নারী ও শিশুসহ পাঁচজন নিহত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। শুক্রবার উপজেলার ধলাটেংগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা–টাঙ্গাইল–যমুনা সেতু মহাসড়কের ধলাটেংগর এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের তেল শেষ হয়ে যায়। এ সময় বাস থেকে নেমে কয়েকজন যাত্রী মহাসড়কের পাশের রেললাইনে বসে ছিলেন।

এদিকে সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি দ্রুতগতিতে ঘটনাস্থলে পৌঁছালে লাইনে বসে থাকা যাত্রীরা সরে যাওয়ার আগেই ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই এক শিশু, দুই নারী ও দুই পুরুষ নিহত হন। নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কার্যক্রম শুরু করে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, মহাসড়ক ও রেললাইনের নিরাপত্তা ব্যবস্থার অভাব এবং অসচেতনতার কারণেই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়েছে।

মন্তব্য করুন