প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:০১ পিএম
অনলাইন সংস্করণ
মো. জুনাঈদ ইসলাম জামিল, ঠাকুরগাঁও প্রতিনিধি:
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের আওতায় ঠাকুরগাঁওয়ে উপকারভোগীদের তালিকা প্রস্তুতের কাজ শুরু হয়েছে। তালিকা প্রণয়নে শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে খোদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাঠপর্যায়ে তদারকি করছেন।
মাঠপর্যায়ে তদারকি পাইলট প্রকল্পের অংশ হিসেবে সদর উপজেলার ৮নং রহিমানপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে বর্তমানে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) তালিকা প্রণয়নের কাজ সরেজমিনে তদারকি করতে ইউএনও নিজেই ওই এলাকায় উপস্থিত হন। এ সময় তিনি বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট গণনাকারী ও কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
প্রকৃত দরিদ্রদের অন্তর্ভুক্তির অগ্রাধিকার পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন,
“সরকারের এই গুরুত্বপূর্ণ কর্মসূচির আওতায় যেন প্রকৃত দরিদ্র ও যোগ্য পরিবারগুলো অন্তর্ভুক্ত হয়, সে বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। কোনো অবস্থাতেই যেন অযোগ্য কেউ তালিকায় স্থান না পায়, তা নিশ্চিত করতে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে এই তালিকা প্রস্তুত করা হচ্ছে।”
সংশ্লিষ্ট সূত্রের তথ্য উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নির্ধারিত সরকারি নীতিমালা অনুযায়ী সংগৃহীত তথ্য যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এই মহৎ উদ্যোগ সফল করতে এবং প্রকৃত সুবিধাভোগীদের সরকারি সহায়তা নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দাদের সঠিক তথ্য প্রদান ও মাঠকর্মীদের সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসনের এই তৎপরতাকে স্থানীয় সাধারণ মানুষ ইতিবাচক হিসেবে দেখছেন এবং এর ফলে প্রকৃত অভাবী পরিবারগুলো উপকৃত হবে বলে আশা প্রকাশ করছেন।
মন্তব্য করুন