প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:৫৭ এ এম

অনলাইন সংস্করণ

ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে বাবার কাছ থেকে তরুণীকে ছিনিয়ে নিয়ে হত্যা

ছবি: সংগ্রীহিত


আমাদের সকাল ডেস্ক :

নরসিংদীর মাধবদীতে ধর্ষণের ঘটনা গোপন করতে এক তরুণীকে পরিকল্পিতভাবে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৯ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ দিন আগে ওই তরুণী ধর্ষণের শিকার হন। বুধবার ভুক্তভোগীর বাবা মেয়েটিকে নিয়ে খালার বাড়ির উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে মাধবদী এলাকার বরইতলা পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে পাঁচ যুবক বাবার কাছ থেকে মেয়েটিকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে নিহত তরুণীর মা মাধবদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, মামলার চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

এর আগে বৃহস্পতিবার সকালে কোতালিরচর দড়িকান্দী এলাকার একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ওই তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের স্বজনদের অভিযোগ, স্থানীয় বখাটে নূরার নেতৃত্বে কয়েকজন যুবক প্রায় ১৫ দিন আগে মেয়েটিকে তুলে নিয়ে ধর্ষণ করে। সেই ঘটনার জের ধরেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

মন্তব্য করুন