প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:৪৮ পিএম
অনলাইন সংস্করণ
গোলাম কিবরিয়া, পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশা থানা এলাকার একটি কবরস্থান থেকে ১৩৭ কেজি ওজনের একটি মূল্যবান কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানার নিতপুর ইউনিয়নের শীতলী গ্রামের রহমতের বাড়ির পশ্চিম পাশে অবস্থিত একটি পারিবারিক কবরস্থানে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানের সময় কবরস্থানের মাঝামাঝি স্থানে একটি আমগাছের নিচে পরিত্যক্ত অবস্থায় একটি কষ্টিপাথরের মূর্তি পড়ে থাকতে দেখা যায়।
পরে নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পোরশা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল মূর্তিটি উদ্ধার করে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত কষ্টিপাথরের মূর্তিটির উচ্চতা আনুমানিক ৫৬ ইঞ্চি এবং ওজন প্রায় ১৩৭ (একশত সাঁইত্রিশ) কেজি। উপস্থিত সাক্ষীদের সামনে মূর্তিটি জব্দ করা হয় এবং বর্তমানে তা থানা হেফাজতে সংরক্ষিত রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া কষ্টিপাথরের মূর্তিটি কয়েক শতাব্দী কিংবা হাজার বছর পূর্বের এবং এটি একটি গুরুত্বপূর্ণ ও মূল্যবান প্রত্নতাত্ত্বিক সম্পদ হতে পারে। এ ঘটনায় সংশ্লিষ্ট বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন