প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৬, ১১:৪৮ পিএম

অনলাইন সংস্করণ

বগুড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ইফতার মাহফিল

 

মিজানুর রহমান, বগুড়া প্রতিনিধি:
বগুড়ার আদমদিঘী উপজেলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

গত শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের কদমা গ্রামের একটি মৎস্য প্রজেক্টে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগের প্রস্তাবিত সাধারণ সম্পাদক সাকিব ও সান্তাহার সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি শুভ বক্তব্য দেন। এছাড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানসহ ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রায় শতাধিক নেতাকর্মী অংশ নেন।
ইফতার শেষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়।

এদিকে ইফতার মাহফিল শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। ভিডিওতে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের উপস্থিতি ও বক্তব্য দিতে দেখা যায়।

আদমদিঘী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, বিষয়টি আগে থেকে জানা ছিল না। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশ পাওয়ার পর আমরা জানতে পেরেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে নিষিদ্ধঘোষিত সংগঠনের এ ধরনের প্রকাশ্য আয়োজন নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে।

 

মন্তব্য করুন