প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২৬, ০৪:১৯ পিএম

অনলাইন সংস্করণ

বগুড়া-৬ উপনির্বাচনে প্রিজাইডিং অফিসার নিয়োগে অনিয়মের অভিযোগ


মিজানুর রহমান বগুড়া : প্রতিনিধি :
আসন্ন বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে প্রিজাইডিং অফিসার নিয়োগসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।
বুধবার শহরের জামায়াত কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন সংশ্লিষ্ট সব পর্যায়ে নিরপেক্ষতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দুঃখজনকভাবে প্রিজাইডিং অফিসার নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ পাওয়া যাচ্ছে, যা নির্বাচন ব্যবস্থার ওপর জনগণের আস্থা ক্ষুণ্ন করতে পারে।
তিনি অভিযোগ করেন, কয়েকটি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতি রয়েছে। এসব অনিয়মের কারণে ভোটের সুষ্ঠুতা ও গ্রহণযোগ্যতা নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
অধ্যক্ষ সোহেল বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যেকোনো চেষ্টা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত অভিযোগগুলো দ্রুত খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এবং একটি নিরপেক্ষ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করা।
তিনি প্রিজাইডিং অফিসার নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা, বিতর্কিত নিয়োগ পুনর্বিবেচনা করা এবং নির্বাচন কমিশনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবিও জানান তিনি।
সংবাদ সম্মেলনে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরাও উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন