প্রকাশিত: ৪ এপ্রিল, ২০২৬, ০২:৪৫ পিএম

অনলাইন সংস্করণ

বগুড়া-৬ উপনির্বাচন: ভোট ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি প্রার্থী সোহেলের

মিজানুর রহমান :বগুড়া প্রতিনিধি

বগুড়া-৬ আসনের উপনির্বাচনকে ঘিরে সম্ভাব্য ভোট ইঞ্জিনিয়ারিং ও নির্বাচনী অনিয়মের আশঙ্কা প্রকাশ করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সংসদ সদস্য পদপ্রার্থী আবিদুর রহমান সোহেল।

শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রতিপক্ষের পক্ষ থেকে আচরণবিধি লঙ্ঘন, হুমকি-ধামকি ও সহিংস কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। তার দাবি, প্রতিদ্বন্দ্বী দলের নেতাকর্মীরা তার সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালাতে বাধা দিচ্ছে এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছে।

সংবাদ সম্মেলনে সোহেল আরও বলেন, তার নারী কর্মীদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হয়েছে, উঠান বৈঠক পণ্ড করার চেষ্টা করা হয়েছে এবং বিভিন্ন এলাকায় তার পোস্টার-ব্যানার খুলে ফেলা হয়েছে। এমনকি কয়েকজন কর্মীকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি জানান, এসব ঘটনার বিরুদ্ধে ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মোট ১৫টি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে, যার সঙ্গে ভিডিও প্রমাণও জমা দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন এই প্রার্থী।

পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আবিদুর রহমান সোহেল বলেন, “বর্তমান অবস্থা অব্যাহত থাকলে নির্বাচনের দিন কেন্দ্র দখল ও ভোট ডাকাতির মতো ঘটনা ঘটতে পারে। ভোট ইঞ্জিনিয়ারিংয়ের কোনো চেষ্টা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।”

তিনি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট সকল পক্ষের কার্যকর ভূমিকা কামনা করেন।

মন্তব্য করুন