প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৬, ০৩:৩১ পিএম

অনলাইন সংস্করণ

বাংলাদেশসহ ৬ দেশের জাহাজে হরমুজ প্রণালিতে নিরাপত্তা দেবে ইরান

আমাদের সকাল ডেস্ক:
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেও হরমুজ প্রণালি নিয়ে কিছুটা স্বস্তির খবর দিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, বাংলাদেশসহ কয়েকটি বন্ধুপ্রতিম দেশের জাহাজকে প্রণালিটি দিয়ে নিরাপদে চলাচলের সুযোগ দেওয়া হবে। ফলে বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যেও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ আমদানি কার্যক্রমে কিছুটা স্বস্তি আসতে পারে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, পশ্চিমা গণমাধ্যমে যেভাবে পুরো প্রণালি বন্ধ থাকার কথা বলা হচ্ছে, বাস্তবে তা নয়। যেসব দেশ ইরানের সঙ্গে সমন্বয় করছে বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখছে, তাদের জাহাজ নিরাপদে চলাচলের ব্যবস্থা করছে দেশটির সশস্ত্র বাহিনী।

তিনি জানান, ইতোমধ্যে চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক ও ভারতের জাহাজ এই সুবিধা পেয়েছে। কয়েক দিন আগে ভারতের দুটি জাহাজ প্রণালি অতিক্রম করেছে বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি বাংলাদেশও এ তালিকায় রয়েছে এবং ভবিষ্যতেও এই ব্যবস্থা অব্যাহত থাকতে পারে বলে জানান তিনি।

তবে ইরান স্পষ্ট করে দিয়েছে, যেসব দেশকে তারা প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করে বা চলমান সংঘাতে জড়িত বলে মনে করে, তাদের জাহাজকে এই প্রণালি ব্যবহার করতে দেওয়া হবে না।

উল্লেখ্য, হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট। বর্তমানে সংঘাতের প্রভাবে এখান দিয়ে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটছে। এর ফলে বিশ্বব্যাপী জ্বালানি সংকট দেখা দেওয়ার পাশাপাশি বিভিন্ন খাতে ব্যয় বৃদ্ধি, সরবরাহ শৃঙ্খল ব্যাহত হওয়া এবং চাহিদা হ্রাসের মতো প্রভাব পড়ছে।
 

মন্তব্য করুন