প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৬, ১১:২৮ এ এম
অনলাইন সংস্করণ
বাঘা (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম এলাকায় একটি পুকুর থেকে এক চা বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতের কোনো এক সময় মনিগ্রাম বাজার থেকে প্রায় ৫০০ মিটার উত্তরে বাঁকড়া সড়কের পাশে মনিগ্রাম টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন একটি পুকুরে ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি বাঘা থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত ব্যক্তি মোহাম্মদ আব্দুল সানাউল্লাহ (৪৫)। তিনি বাঘা উপজেলার হাবাসপুর গ্রামের মৃত খলিলের ছেলে এবং মনিগ্রাম বাজারের পরিচিত চা বিক্রেতা ছিলেন।
বাঘা থানার ওসি (তদন্ত) সুপ্রভাত মন্ডল জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
মন্তব্য করুন