প্রকাশিত: ৪ মার্চ, ২০২৬, ০৩:২৮ পিএম
অনলাইন সংস্করণ
মোঃ সোহেল রানা, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ):
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নবনির্বাচিত সংসদ সদস্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ মার্চ) উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মু. মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমীর।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাদের দপ্তরের কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। সংসদ সদস্য মনোযোগ দিয়ে সেসব কথা শোনেন এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতায় পর্যায়ক্রমে সমস্যা সমাধানের আশ্বাস দেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সেবা নিতে আসা সাধারণ মানুষ যেন কোনোভাবেই হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে সকল কর্মকর্তা-কর্মচারীকে আরও মানবিক, দায়িত্বশীল ও সেবামুখী মনোভাব নিয়ে কাজ করতে হবে। পাশাপাশি উপজেলার সব দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় জোরদার করে ভোলাহাট উপজেলাকে একটি উন্নত ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
কৃষি খাতের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, কৃষকদের স্বার্থ সর্বাগ্রে বিবেচনায় নিতে হবে। নির্ধারিত মূল্য অনুযায়ী সময়মতো ও পর্যাপ্ত পরিমাণে রাসায়নিক সার সরবরাহ নিশ্চিত করতে হবে, যাতে চাষাবাদে কোনো বিঘ্ন না ঘটে। তিনি সতর্ক করে বলেন, কোনো ডিলার সার সিন্ডিকেটে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে লাইসেন্স বাতিলসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অসাধু চক্রের কারণে কৃষকরা যেন ভোগান্তির শিকার না হন, তা প্রশাসনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিশ্চিত করতে হবে।
এছাড়া মাদকদ্রব্যের বিস্তার রোধে প্রশাসনকে আরও সক্রিয় ও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি মাদকমুক্ত সমাজ গঠনে সবার সহযোগিতা কামনা করেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী (ভূমি) মো. শামীম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুলতান আলী, উপজেলা এলজিইডি প্রকৌশলী আহরাম আলী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শোভন পাল, সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিন, বিএমডিএ কর্মকর্তা লোকমান হাকিম, জনস্বাস্থ্য প্রকৌশলী আজমির আলী, এসআই খাইরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও চারটি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।
মন্তব্য করুন