প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৬, ১১:৩১ এ এম

অনলাইন সংস্করণ

ভোলাহাটে ৪২টি মাদ্রাসায় সৌদি আরবের উপহারের খেজুর বিতরণ

মো. সোহেল রানা, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় সৌদি আরব সরকারের পক্ষ থেকে প্রেরিত উপহারের খেজুর স্থানীয় বিভিন্ন মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ খেজুর বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীন মাহমুদের উপস্থিতিতে উপজেলার বিভিন্ন মাদ্রাসার প্রতিনিধিদের মাঝে খেজুর তুলে দেওয়া হয়। এ সময় সংশ্লিষ্ট মাদ্রাসার শিক্ষক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, বাংলাদেশ সরকারের মাধ্যমে বরাদ্দ পাওয়া খেজুরের একটি অংশ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের মাধ্যমে ভোলাহাট উপজেলার জন্য উপ-বরাদ্দ করা হয়। এর আওতায় মোট ১১ কার্টন, অর্থাৎ ৮৮ কেজি খেজুর উপজেলার ৪২টি মাদ্রাসার মধ্যে বিতরণ করা হয়েছে।

এর মধ্যে বড় চারটি মাদ্রাসাকে ৩ কেজি করে মোট ১২ কেজি খেজুর দেওয়া হয়। বাকি ৩৮টি মাদ্রাসাকে ২ কেজি করে মোট ৭৬ কেজি খেজুর প্রদান করা হয়।

খেজুর বিতরণকালে ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদ বলেন, সৌদি আরব সরকারের পক্ষ থেকে প্রেরিত এ উপহার মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য একটি সৌহার্দ্যপূর্ণ উদ্যোগ। তিনি খেজুর গ্রহণে সকল মাদ্রাসার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
 

মন্তব্য করুন