প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৬, ০৭:৫২ পিএম

অনলাইন সংস্করণ

মণিরামপুরে ক্যাফে ফাহিমের বিরুদ্ধে ধর্ষণ মামলা

 

মনিরামপুর (যশোর)প্রতিনিধি:
যশোরের মণিরামপুর উপজেলার ‘মুনলিট ক্যাফে’ ও ‘গল্পকুঠি ক্যাফে’র মালিক জি এম ফাহিম আলমগীরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত জি এম ফাহিম আলমগীর (৩০), পিতা—জি এম আলমগীর হোসেন, ঠিকানা—সোনালী ব্যাংক ভবন (৩য় তলা), মণিরামপুর বাজার।

গত বৃহস্পতিবার মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(খ) ধারায় যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ দায়ের করেন ভুক্তভোগী নারী। আদালত মামলাটি আমলে নিয়ে   যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর ওপর দায়িত্ব ন্যস্ত করেছেন।

ভুক্তভোগী নারীর থেকে জানা যায় , ২০২২ সাল থেকে অভিযুক্ত তাকে যশোরের একটি  ভাড়া বাসায় রেখে বিয়ের আশ্বাসে বিভিন্ন সময় জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেন। একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।

মেডিকেল রিপোর্টেও ভুক্তভোগী নারীর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার কথা উল্লেখ রয়েছে।

ভাড়া বাসার মালিক নাসরিন সুলতানা রুমা জানান, অভিযুক্ত ও ভুক্তভোগী ২০২২ সাল থেকে স্বামী-স্ত্রী পরিচয়ে ওই বাসায় একসঙ্গে বসবাস করতেন।

এর আগে অভিযুক্ত জি এম ফাহিম আলমগীরের বিরুদ্ধে একাধিক অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এর মধ্যে বিয়ের প্রলোভনে একাধিক নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন, ব্ল্যাকমেইল এবং ভ্রূণ হত্যার  অভিযোগও রয়েছে।

মামলার বাদী আদালতের কাছে অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ও ন্যায়বিচার কামনা করেছেন।

এদিকে স্থানীয়রা দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মামলার আইনজীবী এডভোকেট বনি আমিন বলেন, আদালত মামলাটি গুরুত্বসহকারে আমলে নিয়ে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর ওপর দায়িত্ব দিয়েছেন। আমরা দ্রুত ন্যায়বিচার পাব বলে আশাবাদী

এ বিষয়ে অভিযুক্ত জি এম ফাহিম আলমগীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে বাসায় পাওয়া যায়নি। পরবর্তীতে তার ব্যবহৃত মুঠোফোন নম্বরে যোগাযোগ করা হলে তিনি বলেন, আদালতে মামলা হয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে।এ কথা বলে তিনি ফোনটি কেটে দেন।

এ বিষয়ে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন