প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৬, ১২:১৯ পিএম
অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, “সংবিধানের জন্য জনগণ নয়, বরং জনগণের জন্যই সংবিধান।” তিনি বলেন, সংবিধানে ২০২৬ সালের নির্বাচন বা নির্দিষ্টভাবে সরকার ও বিরোধী দলের কাঠামোর বিষয় উল্লেখ ছিল না, তবে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে সেসব বাস্তবায়িত হয়েছে। গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।
রোববার (২২ মার্চ) বিকেলে সিলেট মহানগরের দক্ষিণ সুরমায় একটি কমিউনিটি সেন্টারে সিলেট মহানগর জামায়াত আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, দেশে প্রচুর সম্পদ থাকা সত্ত্বেও চরিত্রগত সংকটের কারণে প্রত্যাশিত উন্নয়ন অর্জিত হচ্ছে না। তিনি মেধাবীদের নেতৃত্বে প্রতিষ্ঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, নির্বাচনের পর সরকার গঠিত হলেও প্রত্যাশিত স্থিতিশীলতা আসেনি। সমাজে অনিয়ম, বিশৃঙ্খলা ও প্রতিহিংসা অব্যাহত রয়েছে। ব্যাংকিং খাত ও বিশ্ববিদ্যালয় প্রশাসনে দলীয়করণের অভিযোগ তুলে তিনি বলেন, এসব কর্মকাণ্ড গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী। ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় ও অব্যবস্থাপনায় সাধারণ মানুষের ভোগান্তির কথাও তুলে ধরেন তিনি।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দীর্ঘদিনের আন্দোলনের কথা স্মরণ রেখে সংস্কার প্রস্তাব এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। বিরোধী দল হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণে অগ্রাধিকার দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে নির্বাচনী ফলাফল মেনে নিলেও নির্বাচন সুষ্ঠু হয়নি বলে দাবি করেন তিনি।
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রসঙ্গ তুলে জামায়াত আমীর বলেন, এই আন্দোলনের কারণে দলটি নিষিদ্ধ হয়েছিল, নিবন্ধন ও প্রতীক বাতিল করা হয় এবং শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হয়। তবুও দল কোনো আপস করেনি এবং ভবিষ্যতেও একই ধারায় রাজনীতি অব্যাহত থাকবে।
তিনি বলেন, “ফ্যাসিবাদের রাজনীতি এ দেশে আর চলবে না। জনগণ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে, সেই রায় বাস্তবায়ন করতেই হবে।” মানবিক বাংলাদেশ গঠনে অবিচল থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ভবিষ্যতে জনগণের বিজয় অর্জিত হবে।
সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, মহানগর নায়েবে আমীর হাফিজ মিফতাহুদ্দীন আহমদ ও ড. নূরুল ইসলাম বাবুল, জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন, মহানগর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মো. আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী, মাওলানা ইসলাম উদ্দিন এবং সিলেট মহানগর ছাত্রশিবির সভাপতি শহীদুল ইসলাম সাজুসহ নেতৃবৃন্দ।
মন্তব্য করুন