প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০১:৩১ পিএম
অনলাইন সংস্করণ
বেলাবো (নরসিংদী) প্রতিনিধি :
আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নরসিংদীর বেলাবো উপজেলায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। নির্বাচনী সহিংসতার আশঙ্কার মধ্যেই সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকসহ বিএনপির এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) বেলাবো উপজেলার বাজনাব ইউনিয়নের হারিসাংগান এলাকায় টহলরত সেনাবাহিনীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফয়েজ আহমেদের ছেলে জনি নামের এক ব্যক্তিকে আটক করে। স্থানীয়দের দাবি, গ্রেপ্তার জনি বিএনপির এমপি প্রার্থী সাখাওয়াত হোসেন বকুলের ঘনিষ্ঠ কর্মী ও সমর্থক।
অভিযানকালে জনির কাছ থেকে রামদা, চাপাতি, চুরি, টেটাসহ একাধিক ভয়ংকর দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পাশাপাশি ইয়াবা, মদ ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকের পরিমাণ দেখে এলাকাজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের আশঙ্কা, ভোটের দিন সহিংসতা সৃষ্টি, ভীতি প্রদর্শন ও নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর উদ্দেশ্যেই এসব অস্ত্র ও মাদক মজুদ করা হয়েছিল। তারা আরও দাবি করেন, নির্বাচনকে ঘিরে উপজেলার বিভিন্ন স্থানে গোপনে অস্ত্র মজুদের সম্ভাবনা রয়েছে। দ্রুত এসব অস্ত্র উদ্ধার না হলে ভোটের দিন রক্তক্ষয়ী পরিস্থিতির আশঙ্কা করছেন এলাকাবাসী।
এলাকাবাসী জানান, ইতোমধ্যে ভোটারদের মধ্যে চরম ভীতি কাজ করছে। অনেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। তারা অবিলম্বে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, ব্যাপক তল্লাশি অভিযান এবং অবৈধ অস্ত্র উদ্ধারের জোর দাবি জানিয়েছেন।
এদিকে অভিযানের পর সেনাবাহিনীর তৎপরতায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
মন্তব্য করুন