প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:৩৭ পিএম

অনলাইন সংস্করণ

সায়েদ আলীকে ভোট দেওয়াই আমাকে ভোট দেওয়ার সমান: ডা. শফিকুর রহমান

মো. রিপন আহমদ, কুলাউরা (মৌলভীবাজার) প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “ইঞ্জিনিয়ার এম সায়েদ আলীকে ভোট দেওয়া মানেই আমাকে ভোট দেওয়া।” তিনি বলেন, কুলাউড়া তার জন্মভূমি হলেও তিনি এই আসন থেকে নির্বাচন করছেন না—তবে এই আসনে দলের প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার সায়েদ আলীকেই সমর্থন দিচ্ছেন।

শনিবার ০৭ (ফেব্রুয়ারী) কুলাউড়ায় অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান এসব কথা বলেন। তিনি বলেন, “কুলাউড়া আমার জন্মভূমি। অনেক ভাই-বোনের ইচ্ছা ছিল আমি যেন এই আসন থেকে নির্বাচন করি। দেশ ও প্রবাস থেকে অসংখ্য মানুষ অনুরোধ করেছেন আমি যেন দুটি আসন—ঢাকা-১৫ এবং মৌলভীবাজার-২ (কুলাউড়া) থেকে নির্বাচন করি। কিন্তু আমি এ বিষয়ে কোনো হ্যাঁ বা না বলিনি। আমার নীরবতাতেই তারা বুঝে নিয়েছেন, আমি এই আসন থেকে নির্বাচন করব না।”

তিনি আরও বলেন, “আজ আমি ঘোষণা দিচ্ছি—আমি নির্বাচন করব। সব আসনে আমাদের একজন করে প্রার্থী রয়েছে। এই আসনে আমাদের দুইজন প্রার্থী—একজন আমার স্নেহভাজন ইঞ্জিনিয়ার সায়েদ আলী, আরেকজন তার ডান হাত ধরে আমি। যারা আল্লাহর জন্য, দেশের জন্য আমাকে ভালোবাসেন, আমি আশা করি তারা সায়েদ আলীকেও ভালোবাসবেন।”

জনসভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর ও মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী। জেলা জামায়াতের সেক্রেটারি ইয়ামির আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, বাংলাদেশ ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা, মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুর রহমান, সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রব, লেবার পার্টি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি শাহ মাছুম ফারুকী এবং এনসিপি মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক উদ্দিন সুন্দর প্রমুখ।

বক্তব্য শেষে ডা. শফিকুর রহমান মৌলভীবাজার-০১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম এবং মৌলভীবাজার-০২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলীকে উপস্থিত জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেন।

মন্তব্য করুন