প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:৫৬ এ এম
অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক ; সিলেট:
সিলেট মহানগরীর হাউজিং এস্টেট এলাকায় দিনদুপুরে এক নারী নজিরবিহীন ছিনতাইয়ের শিকার হয়েছেন। তিনটি মোটরসাইকেলে আসা ছয়জন যুবক চলন্ত অটোরিকশা থামিয়ে ওই নারীর ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেয়।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে হাউজিং এস্টেটের ভেতরের সড়কে এই ‘ফিল্মি স্টাইল’ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সিসিটিভি ফুটেজে যা দেখা গেছে: ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, হাউজিং এস্টেটের সড়ক দিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা যাচ্ছিল। হঠাৎ তিনটি মোটরসাইকেলে চড়ে ছয়জন যুবক এসে অটোরিকশাটির গতিরোধ করে। মোটরসাইকেল থেকে একজন নেমে অটোরিকশার ভেতরে থাকা নারীর ব্যাগ ধরে হ্যাঁচকা টান দেয়। কিছুক্ষণ ধস্তাধস্তির পর ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ছিনতাইকারীরা। এ সময় ভুক্তভোগী ওই নারীকে অটোরিকশা থেকে নেমে চিৎকার করতে দেখা যায়।
লুণ্ঠিত মালামাল: স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী হাউজিং এস্টেট এলাকারই বাসিন্দা। তিনি ব্যাংক থেকে টাকা তুলে বাসায় ফিরছিলেন। ছিনতাইকারীরা তার ব্যাগে থাকা নগদ টাকা এবং ব্যাংক চেক বইয়ের বেশ কিছু পাতা ছিনিয়ে নিয়ে গেছে। তবে নিরাপত্তার স্বার্থে ওই নারীর নাম প্রকাশ করা হয়নি।
পুলিশের তৎপরতা: ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, তারা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। ফুটেজ বিশ্লেষণ করে ছিনতাইকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
মন্তব্য করুন