প্রকাশিত: ২ মার্চ, ২০২৬, ১২:৫৪ পিএম

অনলাইন সংস্করণ

সিলেটে মোটরসাইকেল বাহিনীর ছিনতাইকারী গ্রেফতার

এম সাঈদ, সিলেট প্রতিনিধি:

লেটে মোটরসাইকেল ব্যবহার করে ছিনতাইকারী চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে শাহপরান (রহ.) থানা পুলিশ। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর গোটাটিকর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

শাহপরান (রহ.) থানার শাহজালাল উপশহর অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই খন্দকার জাফর ইমামের নেতৃত্বে মোগলাবাজার থানাধীন গোটাটিকর এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃত আসামির নাম সাদ্দাম হোসেন (৩০)। তিনি ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার সালন্দর এলাকার বাসিন্দা হলেও বর্তমানে সিলেটের মোগলাবাজার থানার পশ্চিমভাগ এলাকায় বসবাস করতেন।

পুলিশ জানায়, গত ২৩ ফেব্রুয়ারি শাহপরান (রহ.) থানায় দায়েরকৃত একটি মামলার (এফআইআর নং-১৩) তদন্তে সাদ্দামের সম্পৃক্ততা পাওয়া যায়। তিনি একটি সংঘবদ্ধ মোটরসাইকেলচালিত ছিনতাইকারী চক্রের সদস্য হিসেবে দীর্ঘ দিন ধরে সক্রিয় ছিলেন। গ্রেফতারের সময় তার কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেলসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

পুলিশি তথ্য (সিডিএমএস) পর্যালোচনা করে দেখা গেছে, সাদ্দাম হোসেনের বিরুদ্ধে পেনাল কোড ও দ্রুত বিচার আইনে আগেও একাধিক মামলা রয়েছে। তিনি একজন পেশাদার অপরাধী হিসেবে এলাকায় পরিচিত।

শাহপরান (রহ.) থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। চক্রের বাকি সদস্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন