প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬, ১১:৩৮ এ এম

অনলাইন সংস্করণ

সিলেটে সরকারি তত্ত্বাবধানে প্রথমবারের মতো উদ্ভোধন হলো ‘কৃষকের হাট’

 

সিলেট প্রতিনিধি; (তাহমিদ হোসেইন):
সিলেটে সরকারি তত্ত্বাবধানে প্রথমবারের মতো চালু হলো ‘কৃষকের হাট’। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ ব্যবস্থাপনায় এ উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে কৃষকরা সরাসরি তাদের উৎপাদিত পণ্য বিক্রি করতে পারবেন।

শনিবার (১১ এপ্রিল ২০২৬) সকাল ৯টার দিকে নগরীর টিলাগড় পয়েন্ট সংলগ্ন নির্ধারিত স্থানে এ হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্য, পাট, শিল্প ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির। উদ্বোধনকালে তিনি কৃষকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের উৎপাদিত পণ্যের খোঁজখবর নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, প্রতিদিন সকালে নির্ধারিত স্থানে এই কৃষকের হাট বসবে। এখানে কোনো মধ্যস্থতাকারী ছাড়াই কৃষকরা সরাসরি ভোক্তাদের কাছে পণ্য বিক্রি করতে পারবেন। ফলে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবেন এবং ভোক্তারাও তুলনামূলক কম দামে তাজা পণ্য কিনতে পারবেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগ কৃষকদের আর্থিকভাবে লাভবান করার পাশাপাশি বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়াবে এবং স্থানীয় কৃষিপণ্যের সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

মন্তব্য করুন