সুনামগঞ্জে আওয়ামীপন্থী ২৫ আইনজীবীসহ ৮৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
মোঃ রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জে মহান স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে মিছিল, স্লোগান ও পুষ্পস্তবক অর্পণের ঘটনায় আওয়ামীপন্থী আইনজীবীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে দুই আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন-অ্যাডভোকেট মনীষ কান্তি দে (মিন্টু), তিনি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য ও সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি এবং পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর; অপরজন অ্যাডভোকেট মিজানুর রহমান (শামীম), যিনি জেলা ছাত্রলীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক ও একই সংগঠনের সদস্য।
পুলিশ জানায়, শুক্রবার জুমার নামাজের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।
মামলার বাদী সুনামগঞ্জ কোর্টের উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল হক। বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ব্যানারে একদল আইনজীবী শহরের স্মৃতিসৌধে মিছিল নিয়ে যান। সেখানে তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-এ ছড়িয়ে পড়লে পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণ করে।
মামলার এজাহারে উল্লেখিত ২৭ জন আসামির সবাই পেশায় আইনজীবী। তাদের মধ্যে জেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কয়েকজন নেতাও রয়েছেন। উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন (সহসভাপতি), অ্যাডভোকেট হায়দার চৌধুরী লিটন (যুগ্ম সম্পাদক), অ্যাডভোকেট নজরুল ইসলাম (সাংগঠনিক সম্পাদক), অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী উজ্জ্বল, অ্যাডভোকেট বোরহান উদ্দিন দোলন, অ্যাডভোকেট বিমান রায়, শুকুর আলী, হাসান মাহবুব সাদী ও পঙ্কজ তালুকদারসহ আরও অনেকে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসবিরোধী আইনে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। সিসিটিভি ফুটেজ ও ভিডিও বিশ্লেষণের মাধ্যমে আসামিদের শনাক্ত করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।