প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬, ০১:২৫ পিএম

অনলাইন সংস্করণ

১১ বছরের এতিম ছাত্রীকে লঞ্চে ধর্ষণের অভিযোগ ইসলামী ছাত্র আন্দোলন সভাপতির বিরুদ্ধে


চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুর সদর উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১১ বছরের এক এতিম ছাত্রীকে লঞ্চের কেবিনে নিয়ে ধর্ষণের  অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি নাছির উল্লাহ বাহাদুর, যিনি চাঁদপুর পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর এলাকার বাসিন্দা এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর চাঁদপুর সদর উপজেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্বরত।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত নাছির উল্লাহ বাহাদুর পশ্চিম শ্রীরামদি এলাকার একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। ভুক্তভোগী শিশুটি ওই মাদ্রাসারই ছাত্রী। অভিযোগ অনুযায়ী, গত কয়েকদিন আগে ওই ছাত্রীকে ঘোরানোর প্রলোভন দেখিয়ে তিনি লঞ্চে  নিয়ে যান।
ভুক্তভোগীর পরিবারের বরাতে জানা যায়, লঞ্চে ওঠার পর একটি কেবিন ভাড়া করেন অভিযুক্ত শিক্ষক। সেখানে শিশুটিকে জোরপূর্বক যৌন উত্তেজক ওষুধ সেবন করানো হয় এবং পরবর্তীতে তার ওপর অমানুষিক যৌন নির্যাতন চালানো হয়।
ধামাচাপা দেওয়ার চেষ্টা ও স্থানীয় উত্তেজনা
ঘটনার পর শিশুটি বাড়িতে ফিরে আত্মীয়-স্বজন ও স্থানীয়দের কাছে বিস্তারিত জানালে বিষয়টি জানাজানি হয়। অভিযোগ উঠেছে যে, প্রভাবশালী একটি মহল এবং অভিযুক্ত নিজে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য ভুক্তভোগী পরিবারকে চাপ দিচ্ছে। শিশুটি এতিম হওয়ায় তার অসহায়ত্বের সুযোগ নিয়ে অপরাধী পার পেয়ে যাওয়ার চেষ্টা করছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মানুষের দাবি, রাজনীতির পরিচয় বা ধর্মীয় লেবাস যেন এই জঘন্য অপরাধের ঢাল না হয়। তারা অবিলম্বে অভিযুক্ত নাছির উল্লাহ বাহাদুরের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

মন্তব্য করুন