প্রকাশিত: ২ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:০২ পিএম
অনলাইন সংস্করণ
ইবাদুর রহমান, নবীগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ–১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. রেজা কিবরিয়ার সহধর্মিণী সিমি কিবরিয়ার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে স্থানীয় পর্যায়ে নানা প্রশ্ন ও আলোচনা দেখা দিয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সিমি কিবরিয়ার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত একটি পোস্টে তাকে বাহুবল উপজেলার মিরপুর বাজার এলাকার সানসাইন স্কুলে শিক্ষার্থীদের সঙ্গে নির্বাচনী কুশল বিনিময় করতে দেখা যায়। অভিযোগকারীদের দাবি, এ ধরনের কর্মকাণ্ড ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রণীত নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
নির্বাচনী আচরণবিধির ধারা ১৫ অনুযায়ী, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি অফিস ও ধর্মীয় স্থানে—মসজিদ, মন্দির, চার্চসহ—নির্বাচনী প্রচারণা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। একই ধারায় রাজনৈতিক দল, প্রার্থী কিংবা তাদের পক্ষে কোনো ব্যক্তি সভা, বক্তব্য, প্রচার, ব্যানার, পোস্টার বা ছবি প্রদর্শনের মাধ্যমে প্রচারণা চালাতে পারবেন না—এমন বিধান স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।
অভিযোগে আরও বলা হয়, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় পর্যায়ে আলোচিত হলেও এখন পর্যন্ত সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এতে নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে প্রশাসনের নিরপেক্ষতা ও কার্যকারিতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।
এ বিষয়ে সিমি কিবরিয়া কিংবা সংশ্লিষ্ট প্রশাসনের দায়িত্বশীল কোনো কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন