প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:৪৫ পিএম

অনলাইন সংস্করণ

রাজশাহীতে ফেসবুক লাইভে এসে তরুণীর আত্মহত্যা: নেপথ্যে প্রেমের টানাপোড়েন

স্টাফ রিপোর্টার:

রাজশাহী মহানগরীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রোজিনা সরকার পাখি (২১) নামে এক তরুণী। বুধবার দুপুরে নগরীর রাজপাড়া থানার কাদের মণ্ডলের মোড় এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ ও উদ্ধার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রোজিনা নওগাঁ জেলার সাপাহার উপজেলার ইদ্রিস আলীর মেয়ে। তিনি গত প্রায় দুই বছর ধরে তার পালিত মা রোজী খাতুনের সঙ্গে নগরীর ওই ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। বুধবার দুপুরে ফেসবুক লাইভ চালু করে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। খবর পেয়ে রাজপাড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে শেষ বার্তা আত্মহত্যার আগে রোজিনা তার ফেসবুক আইডিতে বেশ কিছু আবেগঘন ও ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন। মৃত্যুর প্রায় চার ঘণ্টা আগে তিনি লেখেন:

“আজকে আমার শেষ দিন। আল্লাহ মাফ করুক। জানি না জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব। পৃথিবীতে আমার জন্য কোনো সুখ নেই। আল্লাহ হাফেজ, প্রিয় বন্ধুরা।”

এর ঠিক দুই ঘণ্টা পর তিনি লেখেন, “বিদায় এই সুন্দর পৃথিবী।” এছাড়াও মৃত্যুর ঠিক আগমুহূর্তে কথিত প্রেমিককে উদ্দেশ্য করে ‘আই লাভ ইউ’ ও ‘আই মিস ইউ’ লিখেও পোস্ট দেন তিনি।

পুলিশের বক্তব্য ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক এবং তা নিয়ে মনোমালিন্যের জেরে এই আত্মহননের পথ বেছে নিয়েছেন তিনি।

ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে এবং ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না তা গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

মন্তব্য করুন