প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৬, ০৯:৩৯ পিএম

অনলাইন সংস্করণ

ফেরিঘাটে বাস দুর্ঘটনায় জামায়াতের শোক প্রকাশ

স্টাফ রিপোর্টার: 
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে যাওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক, বেদনা ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

বুধবার (২৫ মার্চ) এক শোক বিবৃতিতে তিনি জানান, বিকেল সাড়ে ৫টার দিকে সংঘটিত এই দুর্ঘটনায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং আরও অন্তত ৪৫ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। তিনি এই হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক প্রকাশ করেন।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, “দৌলতদিয়া ফেরিঘাটের এ মর্মান্তিক দুর্ঘটনা আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে। স্বজন হারানো পরিবারগুলোর আহাজারি ও অসহায়তা ভাষায় প্রকাশ করার মতো নয়। এ ধরনের ভয়াবহ দুর্ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।” তিনি নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

তিনি আরও বলেন, নিখোঁজদের সন্ধানে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে দুর্ঘটনার পেছনে কোনো গাফিলতি, অব্যবস্থাপনা বা দায়িত্বহীনতা রয়েছে কি না তা খতিয়ে দেখতে একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের দাবি জানান তিনি। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করারও আহ্বান জানান।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, “শুধু শোক প্রকাশ করলেই চলবে না, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা আর না ঘটে।” পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

মন্তব্য করুন