প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:০৯ পিএম

অনলাইন সংস্করণ

একসঙ্গে ছয় শিল্পীর ইসলামি গান

পবিত্র মাহে রমজান উপলক্ষে একটি নতুন ইসলামি গানে কণ্ঠ দিয়েছেন দেশের সংগীতাঙ্গনের জনপ্রিয় ছয় শিল্পী


আমাদের সকাল ডেস্ক:
পবিত্র মাহে রমজান উপলক্ষে একটি নতুন ইসলামি গানে কণ্ঠ দিয়েছেন দেশের সংগীতাঙ্গনের জনপ্রিয় ছয় শিল্পী। তারা হলেন— কাজী শুভ, লুৎফর হাসান, মুহাম্মদ মিলন, জিসান খান শুভ, সামজ ভাই এবং তানজিল মিসবাহ।

দুঃখ, হতাশা ও নিঃস্বতার সময়ে মানুষের একমাত্র আশ্রয় আল্লাহ—এই ভাবনা থেকে তৈরি গানটির শিরোনাম আল্লাহ দেবে ঠাঁই। গানটির কথা ও সুর করেছেন লুৎফর হাসান। সংগীতায়োজনে ছিলেন তরিক আল ইসলাম। ভিডিওটি পরিচালনা করেছেন ফারহান আহমেদ রাফাত, যেখানে ছয় শিল্পীই অংশগ্রহণ করেছেন।

গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। রমজানের পবিত্রতা ও আধ্যাত্মিক আবহকে কেন্দ্র করে গানটিতে আল্লাহর স্মরণ, শুকরিয়া আদায়, ধৈর্য ধারণ এবং মোনাজাতের মাধ্যমে হতাশা থেকে মুক্তির আহ্বান জানানো হয়েছে।

গানটি নিয়ে লুৎফর হাসান বলেন, এক গানে ছয় জনপ্রিয় শিল্পীর অংশগ্রহণ নিঃসন্দেহে আনন্দের। আশা করছি, গানটির বার্তা শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।
অন্যদিকে কাজী শুভ বলেন, গানের কথাগুলো খুবই অর্থবহ। আমরা সবাই ভক্তি ও যত্ন নিয়ে গানটি গেয়েছি।

ধ্রুব মিউজিক স্টেশন জানায়, শিগগিরই তাদের ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও প্রকাশ করা হবে। পাশাপাশি দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন মিউজিক প্ল্যাটফর্মেও গানটি শোনা যাবে।
 

মন্তব্য করুন