প্রকাশিত: ৯ এপ্রিল, ২০২৬, ০৩:৪৯ পিএম

অনলাইন সংস্করণ

খানপুর ঝড়ু প্রামানিক (জে.পি) উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০২৬ এর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

 

মোঃ শিমুল হোসেন, বাঘা (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের আশরাফপুরে অবস্থিত খানপুর ঝড়ু প্রামানিক (জে.পি) উচ্চ বিদ্যালয়ে এসএসসি ব্যাচ ২০২৬ শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক আবেগঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার জনাব শাম্মী আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও বর্তমান বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঘা উপজেলার সেক্রেটারি জনাব সবুজ মাহমুদ।

প্রধান অতিথি ও বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। জনাব সবুজ মাহমুদ তার বক্তব্যে বলেন, আজকের এই বিদায় অনুষ্ঠানে দাঁড়িয়ে তার হৃদয় আনন্দ ও আবেগে ভরে উঠেছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিদায় মানে শেষ নয়, বরং নতুন স্বপ্নের পথে যাত্রা শুরু। তিনি শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার এবং তা বাস্তবায়নে কঠোর পরিশ্রম করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, আসন্ন এসএসসি পরীক্ষা শুধু একটি পরীক্ষা নয়, বরং আত্মবিশ্বাস, ধৈর্য ও সংকল্পেরও পরীক্ষা। তাই ভয় না পেয়ে আত্মবিশ্বাসের সাথে নিয়মিত পড়াশোনা করার পরামর্শ দেন তিনি। পাশাপাশি নিজ নিজ ধর্মীয় মূল্যবোধ অনুসরণ করা এবং জীবনে সফল হয়ে পরিবার ও সমাজের গর্ব হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম স্বপন সরকার। তিনি বলেন, “আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে।” তিনি শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন এবং কাউকে পোশাক দেখে বিচার না করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ হাবিবুর রহমান। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন