প্রকাশিত: ৯ মার্চ, ২০২৬, ০৪:১৮ পিএম
অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) ও বিশিষ্ট লেখক-গবেষক মোহাম্মদ আবদুর রহিম খানের জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।
জানাজায় মরহুমের সহকর্মী, শুভানুধ্যায়ী ছাড়াও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুফতি ড. খলিলুর রহমান মাদানী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপি, আব্দুস সালাম ও শাহীন আহমেদ খানসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এদিকে, মোহাম্মদ আবদুর রহিম খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপি এবং সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি।
এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মরহুম আবদুর রহিম খান ছিলেন একজন নিবেদিতপ্রাণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গবেষক। আমৃত্যু তিনি ইসলামী আন্দোলনের একজন সক্রিয় সদস্য (রুকন) হিসেবে দ্বীন কায়েমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, মোহাম্মদ আবদুর রহিম খান বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সাহিত্য সংস্কৃতি বিভাগের সদস্য ছিলেন।র
মন্তব্য করুন