প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬, ০২:১১ পিএম
অনলাইন সংস্করণ
সাবিক আহমেদ, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে গোয়াইনঘাট অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) বিকাল ৩টায় উপজেলা হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্লাবের প্রচার সম্পাদক মারুফ আহমেদ। পরে সভাপতি বিলাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলেমান সিদ্দিকির সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হাকিম চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির কোষাধ্যক্ষ আলহাজ্ব শাহ আলম স্বপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা লুৎফুল হক খোকন ও আব্দুল মতিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়াইনঘাট উপজেলা শাখার আমীর মাস্টার আবুল হোসেনসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
এছাড়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ক্লাবের নির্বাহী সদস্য সাকিব আহমেদ। উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে গোয়াইনঘাটের উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যকে আরও সুদৃঢ় করবে।
অনুষ্ঠানটি ছিল এক সৌহার্দ্যপূর্ণ মিলনমেলা, যেখানে ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হয়।
উল্লেখ্য, ২০১৭ সালে প্রতিষ্ঠিত গোয়াইনঘাট অনলাইন প্রেস ক্লাব শুরু থেকেই উপজেলার বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম ও উন্নয়নমূলক বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
মন্তব্য করুন