প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০১:২৭ পিএম
অনলাইন সংস্করণ
মোঃ আব্দুর রশিদ, চৌগাছা (যশোর) প্রতিনিধি:
যশোরের চৌগাছা উপজেলায় সন্ত্রাসী হামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর মোঃ শাহিনুর রহমান শাহিন চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি চৌগাছা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।
জানা গেছে, গত ১৮ ফেব্রুয়ারি সন্ত্রাসীদের হামলায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় বাংলাদেশ হাসপাতাল (সাবেক পিজি হাসপাতাল)-এ ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুর খবরে চৌগাছা ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মরহুমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন তারা।
মরহুম শাহিন চৌগাছা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মৃত নজরুল ইসলামের পুত্র। তিনি দীর্ঘদিন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনকালে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন।
মৃত্যুকালে তিনি এক স্ত্রী, দুই পুত্র ও অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার অকাল প্রয়াণে এলাকাবাসী একজন পরিচিত ও সক্রিয় জনপ্রতিনিধিকে হারাল বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।
মন্তব্য করুন