প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬, ১০:২৭ এ এম
অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:
রাজধানী ঢাকায় দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এতে করে আগের তুলনায় ভ্যাপসা গরম বৃদ্ধি পেয়ে জনজীবনে অস্বস্তি বাড়তে পারে।
শনিবার (১১ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে এবং এ সময়ে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। দক্ষিণ-পশ্চিম বা পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। শনিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং একই সময়ে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ।
এদিকে, শুক্রবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
আজ রাজধানীতে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৮ মিনিটে।
মন্তব্য করুন