প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ
আলী হামজা, কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুর উপজেলার শ্রীগঞ্জ পুরাতন ব্রিজের মাথায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে জাকির হোসেন নামের এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৬ফেব্রোয়ারি ২০২৬ খ্রিঃ) দুপুরে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেকসোনা খাতুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
এ সময় বাজারে অভিযান চালিয়ে সন্দেহজনক মাংস জব্দ করা হয়। পরে তা পরীক্ষা করে পচা ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ প্রমাণিত হলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাৎক্ষণিকভাবে ওই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জব্দকৃত পচা মাংস তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন বলেন, “জনস্বাস্থ্যের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। পচা ও ভেজাল খাদ্য বিক্রির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বাজারে নিয়মিত তদারকি থাকলে অসাধু ব্যবসায়ীরা এ ধরনের অনৈতিক কাজ করতে সাহস পাবে না। তারা খাদ্য নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত মনিটরিং জোরদারের দাবি জানান।
উপজেলা প্রশাসন জানিয়েছে, রমজানসহ বিভিন্ন সময় বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মান ও মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আরও জোরদার করা হবে।
মন্তব্য করুন