প্রকাশিত: ১০ মার্চ, ২০২৬, ১১:৩৯ এ এম
অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার:
নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়ন এবং দ্রব্যমূল্যের চাপ থেকে স্বস্তি দিতে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে রাজধানীর বনানী টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তিসংলগ্ন) আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনের সঙ্গে সঙ্গে তালিকাভুক্ত ৩৭ হাজার ৫৬৭ জন নারীর ব্যাংক হিসাব বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে নির্ধারিত অর্থ জমা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন সোমবার এক সংবাদ সম্মেলনে জানান, নির্বাচিত নারীরা প্রতি মাসে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন। এ সময় তারা অন্য কোনো ভাতা বা সরকারি সুবিধা পাবেন না। তবে পরিবারের অন্য কোনো সদস্য যদি কোনো ধরনের সুবিধা পেয়ে থাকেন, তা বহাল থাকবে।
তিনি আরও জানান, উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ায় কমিটির সদস্যরা সরেজমিনে বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক অবস্থা, সদস্য সংখ্যা, শিক্ষা, বাসস্থান, ব্যবহৃত আসবাবপত্র ও গৃহস্থালিসামগ্রী (টিভি, ফ্রিজ, কম্পিউটার, মোবাইল ইত্যাদি) এবং রেমিট্যান্স প্রবাহসহ বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করে চূড়ান্ত তালিকা প্রস্তুত করেছেন।
জাহিদ হোসেন বলেন, পুরো প্রক্রিয়াটি সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। ফলে এতে কোনো ধরনের স্বজনপ্রীতি বা ম্যানুয়াল হস্তক্ষেপের সুযোগ নেই।
তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ডের আওতায় নারীপ্রধান পরিবারগুলোকে চিপসংবলিত কার্ড দেওয়া হবে। কার্ডে কিউআর কোড (বারকোড তথ্যসহ) ও এনএফসি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা কার্ডটিকে নিরাপদ, দীর্ঘস্থায়ী এবং সহজে ব্যবহারযোগ্য করে তুলবে।
মন্তব্য করুন