প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:১৮ এ এম
অনলাইন সংস্করণ
মিজানুর রহমান, বগুড়া প্রতিনিধি :
তারাবীর নামাজ আদায় করতে গিয়ে প্রাণ হারিয়েছে ১৭ বছর বয়সী এক কিশোর। বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের নিজ গ্রামে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মো. মিলন (১৭) স্থানীয় বাসিন্দা দিলবরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে মিলনের ওপর হামলা চালানো হয়। তারাবীর নামাজ পড়তে বাড়ি থেকে বের হলে একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
মসজিদে নামাজ পড়তে গিয়ে এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
মন্তব্য করুন