প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:১২ এ এম

অনলাইন সংস্করণ

ভোট গণনার সময় জাতিকে অন্ধকারে রেখে ফল পরিবর্তন করা হয়েছে: মুজিবুর রহমান

রাজধানীর কাকরাইলস্থ আইডিইবি ভবনে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) আয়োজিত ‘বিশিষ্টজনের সম্মানে ইফতার মাহফিল ও রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-র নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান।

স্টাফ রিপোর্টার:

জাতীয় নির্বাচনে ভোট গণনার সময় জাতিকে অন্ধকারে রেখে ফলাফল পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-র নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর কাকরাইলস্থ আইডিইবি ভবনে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) আয়োজিত ‘বিশিষ্টজনের সম্মানে ইফতার মাহফিল ও রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দীর্ঘ আন্দোলন ও প্রচেষ্টার পর ভোট অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র প্রস্তাব অনুযায়ী একই দিনে দুটি ভোট গ্রহণ করা হলেও এখন তারা গণভোটের ফলাফল মানতে চাইছে না বলে অভিযোগ ওঠেছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, বর্তমান সরকারি দলের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদে শপথ নেবে।

তিনি আরও বলেন, জনগণের দ্বারা বিতাড়িত কোনো দলকে পুনর্বাসন করা হলে তা জুলাই আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল হবে।

এফডিইবি’র সভাপতি প্রকৌশলী মো. আব্দুছ ছাত্তার শাহ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী জয়নুল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইডিইবি’র আহ্বায়ক প্রকৌশলী কবীর হোসেন, যুগ্ম আহ্বায়ক ও এফডিইবি’র সহ-সভাপতি প্রকৌশলী মির্জা মিজানুর রহমান, সহ-সভাপতি প্রকৌশলী তৈয়েবুর রহমান জাহাঙ্গীর, যুগ্ম সম্পাদক প্রকৌশলী মো. আবুল হাসেম, প্রকৌশলী মোস্তফা কামাল, প্রকৌশলী মো. আব্দুল বাতেন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আবদুস সামাদ সরদার, পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি প্রকৌশলী মুহাম্মদ রায়হান মিঞা, সড়ক ও জনপথ ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি প্রকৌশলী মুমিনুল হকসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

বিশেষ অতিথির বক্তব্যে বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর সাবেক উপাচার্য প্রফেসর ড. কোরবান আলী বলেন, “বাংলাদেশের মানুষ ৫৪ বছরে বহু আদর্শ দেখেছে; কিন্তু মানুষের আদর্শিক পরিবর্তন ঘটেনি। ইসলামের সৌন্দর্য, সুশাসন, মানুষের অধিকার প্রতিষ্ঠা ও আদর্শিক শাসন দেখার সৌভাগ্য এ দেশের মানুষের হয়নি।”

মন্তব্য করুন