প্রকাশিত: ২ এপ্রিল, ২০২৬, ০৫:২৭ পিএম

অনলাইন সংস্করণ

মাইকে গুজব ছড়িয়ে হামলা, পুলিশের ওপর আক্রমণ করে আসামি ছিনতাই; পুনরায় গ্রেফতার

কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুর উপজেলার হিজলডাঙ্গা গ্রামে মসজিদের মাইকে গুজব ছড়িয়ে মুহূর্তেই মব তৈরি করে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা পুলিশের কাছ থেকে গ্রেফতার করা এক আসামিকে ছিনিয়ে নেয়। তবে কয়েক ঘণ্টার মধ্যেই ওই আসামিকে পুনরায় গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১ এপ্রিল) রাত দেড়টার দিকে উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নের হিজলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, তিনটি মামলার সাজাপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর আলম (৩৫)-কে গ্রেফতারের উদ্দেশ্যে অভিযান চালায় কেশবপুর থানা পুলিশ। তাকে গ্রেফতারের পরপরই স্থানীয় একটি মসজিদের মাইকে ‘আসামিকে মেরে ফেলা হয়েছে’—এমন ভুয়া ঘোষণা দেওয়া হয়।

এই গুজব ছড়িয়ে পড়তেই ৫০ থেকে ৬০ জন লোক দ্রুত ঘটনাস্থলে জড়ো হয়ে উত্তেজিত হয়ে ওঠে এবং একপর্যায়ে মব তৈরি করে পুলিশের ওপর হামলা চালায়। হামলাকারীরা পুলিশের সদস্যদের মারধর করে জাহাঙ্গীর আলমকে ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় কেশবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আসমত আলী (৫৪), কনস্টেবল শহিদুল ইসলাম (৩৫) ও কনস্টেবল হাবিবুল্লাহ (৩০) আহত হন। আহত কনস্টেবল শহিদুল ইসলাম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন শহিদুল ইসলাম জানান, হামলাকারীদের পাশাপাশি ছিনিয়ে নেওয়া আসামিও তাকে আঘাত করে। মবের সদস্যরা শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তাকে আহত করে এবং আসামিকে নিয়ে যায়।

কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, “গুজব ছড়িয়ে পরিকল্পিতভাবে পুলিশের ওপর এই হামলা চালানো হয়েছে।”

তবে ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে সীমান্ত এলাকা থেকে পালিয়ে যাওয়া আসামি জাহাঙ্গীর আলমকে পুনরায় গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন